সাম্প্রতিক টানা বৃষ্টিতে পেঁয়াজের জমিতে জলাবদ্ধতা ও রোগবালাইয়ের ঝুঁকি দেখা দেওয়ায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিভিন্ন এলাকার পেঁয়াজের ক্ষেত পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিউর রহমান। পরিদর্শনকালে তিনি সরেজমিনে পেঁয়াজের ক্ষেতের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং কৃষকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন। এ সময় কৃষকদের উদ্দেশে তিনি বলেন, বৃষ্টির পানি যেন জমিতে দীর্ঘসময় জমে না থাকে, সে জন্য দ্রুত নালা তৈরি করে অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। অতিরিক্ত আর্দ্রতার কারণে ছত্রাকজনিত রোগ ও পচন দেখা দিতে পারে। তাই নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করতে হবে। রোগবালাইয়ের লক্ষণ দেখা দিলে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী (১ম পাতায় : ৩ কলামে) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া জমির মাটি শুকিয়ে উপযুক্ত অবস্থায় এলে হালকা নিড়ানি ও প্রয়োজনীয় পরিচর্যার মাধ্যমে পেঁয়াজের গাছের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা আরও জানান, পেঁয়াজ চাষের যেকোনো সমস্যা ও প্রয়োজনে কৃষকদের পাশে রয়েছে উপজেলা কৃষি বিভাগ। ফসলের ক্ষতি কমাতে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে।

