কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতরণ করা হয়।
মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রোকনুজ্জামান এ কর্মসূচির আয়োজন করেন।
মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয়রোধ, বিশুদ্ধ অক্সিজেন নিশ্চিত করাসহ দৈনন্দিন প্রয়োজন মেটাতে বৃক্ষরোপণ অপরিহার্য। শিক্ষার্থীদের মাধ্যমে এ কার্যক্রম শুরু হলে এর সফল বাস্তবায়ন সম্ভব হবে।
প্রধান অতিথি আরো বলেন- এ বিদ্যালয় থেকে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে এ এলাকার প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ উদ্যোগ পৌঁছে দেয়ার চেষ্টা থাকবে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ এগিয়ে আসলে প্রতিটি অঞ্চল সবুজায়নের বিপ্লবে পরিণত হবে। তিনি শিক্ষার্থীদের চারা রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।
আয়োজক কাজী রোকনুজ্জামান বলেন, গাছের চারা রোপণ ও পরিচর্যা করা আমাদের সবার দায়িত্ব। তিনি আরো বলেন- গাছ কাটার তুলনায় নতুন করে গাছ লাগানোর হার কম হওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের এমন উদ্যোগকে তিনি স্বাগত জানান। চারা বিতরণ কর্মসূচিতে শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


