কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর অভিযোগ করেছেন, তার প্রতীক দাঁড়িপাল্লার কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামে এক পথসভায় এসব অভিযোগ তুলে ধরেন আব্দুল গফুর। তিনি বলেন, “আমাদের কর্মীরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। কিন্তু বাজারে ও গ্রামে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে।”পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সহ-সম্পাদক মো. তারেক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক সম্পাদক ডা. নুরুল আমীন জসিম, ভেড়ামারা উপজেলা আমির মো. জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিকুল আলম। সভায় আরও বক্তব্য দেন স্থানীয় জামায়াত নেতা তারিক রহমান, হোলাম মোস্তফা রুবেলসহ অন্যরা।
বক্তারা বলেন, জামায়াত একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে সব সময় শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাজনীতিতে বিশ্বাস করে। কিন্তু সম্প্রতি বিভিন্ন ইউনিয়নে দলের নেতাকর্মীদের ওপর হয়রানি, বাধা ও ভীতি প্রদর্শনের চেষ্টা চলছে। তারা প্রশাসনের প্রতি এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।আব্দুল গফুর পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা ভয় পেয়ে পিছিয়ে যাব না। জনগণের ভোটাধিকার রক্ষার জন্য নির্বাচনী মাঠে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”

