কুষ্টিয়ার মিরপুর উপজেলায় খাঁড়ারা ব্লকে কৃষি উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করে “Out of Box” শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী কৃষি কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। আজ ২৭ এপ্রিল সোমবার সকাল ১১টার সময় নওদা খাঁড়ারায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. ইমদাদুল হক মিলন, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী,
সাবেক ইউপি সদস্য ও বহলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম খোকন, বহলবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এরশাদ, তরুণ কৃষি উদ্দোক্তা সাংবাদিক সোহরাব হোসেন সহ কৃষক- কৃষাণী প্রমূখ।
জানা যায়, প্রচলিত কৃষি পদ্ধতির বাইরে গিয়ে আধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে বিভিন্ন নতুন পদ্ধতি, ফসল ব্যবস্থাপনা কৌশল এবং প্রযুক্তিনির্ভর কৃষি কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।
কৃষি অফিসার জানান, এই “Out of Box” উদ্যোগের মাধ্যমে উপজেলার প্রতিটা ব্লকে ২০০ পিচ সজিনা গাছ লাগানো ও কৃষকদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে প্রদর্শনী এবং হাতে-কলমে সহায়তা প্রদান করা হবে। এতে কৃষকরা নতুন ধারণা গ্রহণে উৎসাহিত হবেন এবং কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
কৃষকরা জানান, এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী। তারা নতুন প্রযুক্তি ও পদ্ধতি শিখে অধিক ফলন ও লাভবান হওয়ার আশা করছেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, মিরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি অফিসার, মোঃ ময়নুল ইসলাম রাজিব।
উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মিরপুর, কুষ্টিয়া এই কর্মসূচি বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

