জমিতে কী পরিমাণ সার প্রয়োজন আর মাটির স্বাস্থ্যই বা কেমন তা নিশ্চিত করে বলতে পারেন না কোনো কৃষক। অনুমানের উপর সারের অতিরিক্ত ব্যবহার আর রোগ বালাইয়ের সমাধান খুঁজতে অনেক কৃষকই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক কৃষক। কৃষির এই নাজুক অবস্থা থেকে ফিরিয়ে এনে কৃষিকে লাভজনক করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু।মাটির গুণগতমান পরীক্ষা করে কুষ্টিয়ার মিরপুরে কৃষি জমিতে প্রয়োজনীয় সারের মাত্রা নির্ধারণে মিরপুর উপজেলায় বিতরণ করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে স্মার্ট সয়েল সেন্সর নামের ডিভাইস। গত ২৯ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের অর্থায়নে উপজেলা কৃষি অফিসকে দেওয়া হলো ১৫টি আধুনিক ডিভাইস। প্রান্তিক পর্যায়ে আধুনিক প্রযুক্তির সেবা পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার জন্য আইওটি-ভিত্তিক এই ডিভাইসগুলো উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমানের হাতে তুলে দেওয়া হয়। একই সাথে কৃষক পর্যায়ে এই সেবা পৌঁছে দিতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের ডিভাইস পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়।সয়েল সেন্সর নামের এই ডিভাইসের মাধ্যমে মাটির ৮টি গুরুত্বপূর্ণ উপাদান পরিমাপ করা সম্ভব হবে। বিশেষ করে মাটির নাইট্রোজেন, পটাশিয়াম ও ফসফরাস পরিমাপ করে সারের ডোজ সুপারিশ, মাটির পিএইচ মান কিংবা লবণাক্ততার মান জানা সবই সম্ভব এই ডিভাইসে। মাটি পরীক্ষা করে প্রকৃত অবস্থা জেনে এবং ফসলের প্রয়োজন বুঝে যৌক্তিক পরিমাণ সার ব্যবহারে কৃষকদের উৎসাহ প্রদান করতে উপজেলা প্রশাসন থেকে এই উদ্যোগ নেওয়া হয়। চারিদিকে যখন সারের সংকট এবং অতিরিক্ত মাত্রায় সার ব্যবহারের প্রতিযোগিতা চলছে, ঠিক এই মুহুর্তে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর এই উদ্যোগ কৃষি সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কি উদ্দেশ্য নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হলো এমন প্রশ্নে উত্তরে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন- সারের অতিরিক্ত ব্যবহারে সব সময় একটি কৃত্রিম সংকটের মুখোমুখি হতে হয় আমাদের। একই সাথে ভর্তুকির অর্থের অপচয় হচ্ছে। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে আমরা কৃষকদের জন্য কিছু করতে চেয়েছিলাম। মূলত এই চিন্তা থেকে কৃষি বিভাগকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সয়েল সেন্সর দেওয়া হলো।সয়েল সেন্সর দিয়ে কৃষক পর্যায়ে কতটুকু কাজ করা সম্ভব হবে এই প্রসঙ্গে উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান বলেন- কৃষি ও কৃষকের স্বার্থে উপজেলা প্রশাসন থেকে যুগোপযোগী প্রযুক্তি পেয়ে কৃষি বিভাগের কার্যক্রম আরও বেগবান হবে বলে মনে করছি। উপজেলা নির্বাহী অফিসারের এমন আন্তরিক সহযোগিতা সারের সংকট নিরসনে এবং যৌক্তিক ও সুষম সার ব্যবহারে দারুণ সহায়ক হবে। এই ডিভাইস দিয়ে আমরা তাৎক্ষণিকভাবে মাটি পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রিন্ট আকারে কৃষকের হাতে পৌঁছে দিতে পারব।
প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.