কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে।আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়।অভিযানে কাঁচাবাজার, মুদি দোকান, গরু-খাসির মাংসের দোকান ও মুরগির মাংসের দোকান মনিটরিং করা হয়। অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্যপণ্য বিক্রি, আমদানিকারকের নাম ও দেশীয় মূল্য উল্লেখ ছাড়া বিদেশি প্যাকেটজাত পণ্য বিক্রয় এবং খোলা পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স দীপা স্টোরকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।এছাড়া মাংসের মূল্যতালিকা প্রদর্শন না করায় মকলেস ও মুরকানের মাংসের দোকানকে ৫০০ টাকা করে মোট ১,০০০ টাকা জরিমানা করা হয়। ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং ঘোষিত মূল্যে পণ্য বিক্রি না করার অপরাধে মেসার্স রকিব মুরগি ঘরকে ১,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।অভিযানে নেতৃত্ব দেন মোঃ মাসুম আলী, সহকারী পরিচালক, কুষ্টিয়া জেলা কার্যালয়। তাকে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, মিরপুর। নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের একটি টিম দায়িত্ব পালন করে।এ সময় আসন্ন রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের অতিমুনাফা পরিহার, মূল্যতালিকা প্রদর্শন এবং স্বাস্থ্যবিধি মেনে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

