কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় রোববার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. শওকত হোসেন ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর বিশ্বাস বলেন, পার্টনার ফিল্ড স্কুলগুলো তৃণমূল পর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার সঙ্গে পরিচিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের নতুন জাতের ফসল, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। এতে উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকের আর্থসামাজিক অবস্থারও উন্নয়ন ঘটবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ এবং পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হক মিলন, তাপসী রাবেয়া, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইশরাক রহমান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সোহেল রানা সহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, কৃষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ ও মাঠভিত্তিক কার্যক্রমের মাধ্যমে তারা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করছেন, যা ভবিষ্যতে নিরাপদ ও লাভজনক কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.