আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেয়েছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। বুধবার (২১ জানুয়ারি) সকালে নির্বাচন কার্যালয় থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রতীক প্রাপ্তির পরপরই কুষ্টিয়া-২ আসনের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামীকাল থেকেই নির্বাচনী এলাকায় জোরালো প্রচার-প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন প্রার্থী নিজেই।
ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বলেন, “আমি কুষ্টিয়া-২ আসনের সন্তান। এই এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনা আমার জানা। ধানের শীষ প্রতীক পেয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। জনগণ অত্যন্ত আগ্রহ নিয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি বিজয়ী হব।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
এদিকে, সাধারণ ভোটারদের মধ্যেও প্রতীক বরাদ্দ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। কুষ্টিয়া-২ এক ভোটার জাবের হোসেন বলেন, “ব্যারিস্টার রাগিব একজন শিক্ষিত ও ভদ্র মানুষ। এলাকার জন্য কাজ করার মানসিকতা তার আছে। আমরা চাই এমন একজন প্রতিনিধি সংসদে যাক, যিনি মানুষের কথা বলবেন।”

শিক্ষক নেতা এ এইচ এম সায়েদুজ্জামান বলেন,
“কুষ্টিয়া-২ আসনে ধানের শীষ প্রতীক প্রাপ্তির মাধ্যমে ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর প্রতি জনগণের প্রত্যাশা আরও স্পষ্ট হয়েছে। তিনি একজন শিক্ষিত, মার্জিত ও নীতিবান মানুষ। শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে—এই সংকট থেকে উত্তরণে সংসদে একজন যোগ্য ও বিবেকবান প্রতিনিধি অত্যন্ত প্রয়োজন। ব্যারিস্টার রাগিব শিক্ষকদের ন্যায্য অধিকার, এমপিওভুক্তি, বেতন বৈষম্য নিরসন ও শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি রোধে কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।”
একই এলাকার গৃহিণী রাশেদা খাতুন বলেন,
“অনেকদিন পর আমরা নতুন মুখ দেখতে পাচ্ছি। তিনি যদি সত্যিই মানুষের পাশে থাকেন, তাহলে আমরা তাকে ভোট দিতে প্রস্তুত।”
স্থানীয় বিএনপি নেতারা জানান, প্রতীক পাওয়ার খবরে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তারা আশা করছেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কুষ্টিয়া-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
সব মিলিয়ে কুষ্টিয়া-২ আসনে নির্বাচনী মাঠে ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো ধানের শীষ প্রতীক নিয়ে, যা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


