‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো সমৃদ্ধ বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষ্যে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতাল সংলগ্ন বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবারও একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পিযুষ কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত জামান আজিজ। সভায় পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং অপুষ্টি প্রতিরোধে করণীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পু্ষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ডা. রিয়াজুল জান্নাত রিয়ার সঞ্চালনে এসময় উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে এম গোলাম মহিউদ্দিন, উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, মিরপুর থানার সেকেন্ড অফিসার এলিস মাহমুদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

